চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে প্রাপ্ত তথ্যমতে আগুনে পুড়ে ৫০ জনের মর্মান্তিক মৃত্যু
এবং অগ্নিদগ্ধ হয়ে চার শতাধিক মানুষ আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় স্বেচ্ছাসেবক দলের শোক বিবৃতি
চট্টগ্রামের সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে প্রচন্ড বিস্ফোরণে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে আগুনে পুড়ে ৫০ জনের প্রাণহানী এবং চারশো জনের অধিক মানুষ অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, “কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের মতো আমরাও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত।
বিভিন্ন কল-কারখানায় অগ্নিকান্ড সহ বারবার নৌ-পথ ও সড়ক পথে দূর্ঘটনার শিকার হয়ে অসংখ্য মানুষের জীবনহানি ঘটলেও তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে। জনগণের প্রতি সরকারের দায়িত্ববোধ না থাকার জন্যই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। অগ্নিকান্ডে একের পর এক দূর্ঘটনার পূনরাবৃত্তিতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। কোন কোন ক্ষেত্রে এসব দূর্ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও তা কখনোই আলোর মুখ দেখে না। তবুও আমরা সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠু বিচার-বিভাগীয় তদন্ত দাবি করছি।
সীতাকুন্ডে কন্টেইনার ডিপোতে ব্যাপক অগ্নিকান্ডে মৃত্যুবরণকারীদের পরিবার-পরিজনদের প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
অগ্নিদগ্ধ হয়ে যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ চিকিৎসক সমাজকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানাচ্ছি।”