বন্ধ চিনিকল চালু ও রাষ্ট্রীয় কারখানা বেসরকারীকরণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লালটুপির বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি, newsatvbd.com
ঢাকা: রাষ্ট্রীয় অর্থায়নে আধুনিকায়ন করে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করা এবং ৪৪টি রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান বেসরকারীকরণ বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
১০ আগস্ট (সোমবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে ‘রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি’র ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশ ও মিছিলে উপস্থিত বক্তারা তাদের প্রধান দাবিগুলো তুলে ধরেন:
১. রাষ্ট্রীয় অর্থায়নে আধুনিকায়ন করে বন্ধ চিনিকল অবিলম্বে চালু করতে হবে।
২. সরকারি উদ্যোগে শিল্পে পুঁজি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।
৩. ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান বেসরকারীকরণ বা ব্যক্তি মালিকানায় হস্তান্তর করা চলবে না।
৪. যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত দেশের শিল্প ও কৃষির বিকাশবিরোধী পারস্পরিক বাণিজ্য চুক্তি বাতিল করতে হবে।
‘শিল্প বাঁচাও—দেশ বাঁচাও’ এবং ‘শ্রমিক বাঁচাও—আখচাষী বাঁচাও’ স্লোগানে লালটুপি পরিধান করে চিনিকল শ্রমিক, আখচাষী ও জাতীয় নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন। সমাবেশ শেষে প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করে স্মারকলিপি প্রদান করতে রওনা হয়। কর্মসূচি চলাকালে বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।