সীতাকুণ্ড প্রতিনিধি (newsatvbd.com):
চট্টগ্রামের সীতাকুণ্ড মডেল থানাধীন বাঁশবাড়িয়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে মারধর, শ্লীলতাহানি এবং স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগে মো. হানিফ (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। ভুক্তভোগী গৃহবধূর নাম রাশেদা আক্তার (৩২)। তিনি উত্তর বাঁশবাড়িয়া এলাকার প্রবাসী খুরশেদ আলমের স্ত্রী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই ২০২৬ইং তারিখ সকাল আনুমানিক ৬:০০ ঘটিকার সময় উত্তর বাঁশবাড়িয়া এলাকায় বাদী রাশেদা আক্তারের বসত বাড়ির দক্ষিণ পাশে রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে। বিবাদী মো. হানিফ (৫০), যিনি বাদীনির প্রতিবেশী এবং মৃত নজির আহম্মদের ছেলে, একটি হাতুড়ি নিয়ে অনধিকারবশত রাশেদা আক্তারের বসত বাড়ির সীমানার ভেতর প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করতে থাকেন।
ভাঙচুরের শব্দ শুনে রাশেদা আক্তার ঘর থেকে বের হয়ে বাধা দিলে বিবাদী তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় মারেন। হামলার একপর্যায়ে হানিফ গৃহবধূর বাম চোখ লক্ষ্য করে সজোরে ঘুষি মেরে মারাত্মক ফোলা জখম করেন। রাশেদা আক্তার মাটিতে লুটিয়ে পড়লে বিবাদী তার হাতে থাকা লাঠি দিয়ে গৃহবধূর কোমরসহ শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে এলোপাতাড়ি আঘাত করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বিবাদী হানিফ গৃহবধূর ডান পা ধরে পাকা রাস্তার ওপর টেনেহিঁচড়ে নিয়ে যান এবং পরনের কাপড়চোপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানি ঘটান। এ সময় তিনি রাশেদা আক্তারের গলায় থাকা আনুমানিক ১ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন এবং গলা চিপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।
গৃহবধূর শোর-চিৎকারে আশেপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে বিবাদী মো. হানিফ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে এজাহারে উল্লেখ করেছেন ভুক্তভোগী গৃহবধূ। প্রবাসী স্বামী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে গত ১৫ জুলাই ২০২৬ইং তারিখে তিনি সীতাকুণ্ড মডেল থানায় এই লিখিত এজাহার দায়ের করেন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।