শাহজালালের মাজারে দানবাক্স বিতর্ক: সিলেটের ডিসি সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার
বিশেষ প্রতিবেদক, সিলেট
হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারের দানবাক্স ও ঐতিহাসিক ডেগ সিলগালা করা এবং প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনার মধ্যেই সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে হঠাৎ প্রত্যাহার করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে মন্ত্রণালয়ের উপসচিব পদে সংযুক্ত করা হয়েছে। র্যাবের সাবেক এই আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের আকস্মিক প্রত্যাহার নিয়ে সিলেটে এখন চলছে তুমুল পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিক্ষোভ।
কী ঘটেছিল মাজারগুলোতে?
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় প্রশাসন থেকে জানা গেছে, গত ১২ জুন সিলেটের ঐতিহাসিক দুই মাজার পরিদর্শনে যান ডিসি সারওয়ার আলম। এ সময় তিনি মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি মাজারে মাদক ও গাঁজার আসর বন্ধের কড়া নির্দেশনা দেন।
এরই ধারাবাহিকতায় গত ১৮ জুন (বৃহস্পতিবার) বিকেলে জেলা প্রশাসনের একটি দল হজরত শাহজালাল (রহ.) মাজারে গিয়ে শত বছরের ঐতিহ্য ও রেওয়াজ ভেঙে আগের দানবাক্সগুলো সিলগালা করে দেয়। সেখানে প্রশাসনের উদ্যোগে নতুন দানবাক্স স্থাপন করার পাশাপাশি মানুষের দানের অর্থ রাখার ঐতিহাসিক তিনটি ‘ডেগ’ সিলগালা করা হয়। নিরাপত্তার স্বার্থে সেখানে আনসার সদস্য মোতায়েন এবং সিসি ক্যামেরা স্থাপন করা হয়।
তীব্র প্রতিক্রিয়া ও সামাজিক মেরুকরণ
জেলা প্রশাসনের এই পদক্ষেপের পরপরই সিলেটে ভক্ত ও সচেতন নাগরিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদক্ষেপ ও বিক্ষোভ
এই বিতর্কের রেশ কাটতে না কাটতেই গত ২১ জুন (রবিবার) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহারের আদেশ জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে একে “জনস্বার্থে বদলি” বলা হলেও, মাজার কেন্দ্রিক বিতর্কের জেরেই যে এই দ্রুত ব্যবস্থা, তা স্পষ্ট বলেই মনে করছেন প্রশাসনিক ও রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে এই প্রত্যাহারের আদেশের প্রতিবাদে এবং ডিসি সারওয়ার আলমকে পুনর্বহালের দাবিতে সিলেটের সচেতন নাগরিকদের ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টানা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, দুর্নীতিবাজ সিন্ডিকেট ও মাজারের অবৈধ সুবিধাভোগীদের স্বার্থে আঘাত লাগাতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সরানো হয়েছে।
ফেসবুকে ডিসির আবেগঘন বিদায়
বদলি আদেশের পর আজ ২৩ জুন (মঙ্গলবার) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত পোস্টে বিদায় জানিয়েছেন সারওয়ার আলম। তিনি লেখেন, “বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।”
উল্লেখ্য, ২৭তম বিসিএসের এই কর্মকর্তা এর আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধী অভিযান, ক্যাসিনো বিরোধী অভিযান এবং করোনার সময় নানা সাহসী পদক্ষেপ নিয়ে দেশজুড়ে ব্যাপক কুড়িয়েছিলেন। ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত র্যাবে দায়িত্ব পালনের পর তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১৮ আগস্ট তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।