মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

সৌদি প্রবাসীর ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যাংক হিসাব দখলের অভিযোগে মিশকাতুল আলার সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে প্রবাসীর অনুপস্থিতির সুযোগে ভুয়া কাগজপত্র তৈরি করে ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের নামে হস্তান্তর, ব্যাংক হিসাব পরিবর্তন এবং গচ্ছিত অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে কয়েকজন অংশীদারের বিরুদ্ধে। এ ঘটনায় মিশকাতুল আলা নামে এক ভুক্তভোগী সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও অর্থ ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন। মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬ ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বপ্না বেগম ও মনির হোসেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মিশকাতুল আলা বলেন, আবুল খায়ের, মাহবুব আলম ও আনোয়ার হোসেন নামের তিন ব্যক্তি জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে তার দীর্ঘদিনের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। সেখানে তার মালিকানাধীন ‘ব্লু স্টার ম্যানপাওয়ার কোম্পানি’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। সৌদি আরবের ব্যবসায়িক নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানে একাধিক অংশীদার দেখানোর প্রয়োজন হওয়ায় তিনি অভিযুক্ত ব্যক্তিদের কোনো ধরনের নগদ অর্থ বিনিয়োগ ছাড়াই অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করেন। মিশকাতুল আলার দাবি, সৌদি সরকারের ইস্যুকৃত লাইসেন্স অনুযায়ী তিনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। প্রতিষ্ঠানের ভ্যাট, ট্যাক্সসহ যাবতীয় ব্যয়ও নিজেই বহন করতেন। অভিযুক্তদের প্রতিষ্ঠানে কোনো আর্থিক বিনিয়োগ ছিল না বলেও তিনি দাবি করেন। তিনি আরও জানান, স্ত্রীর অসুস্থতার কারণে গত ২ নভেম্বর ২০২৬ বাংলাদেশে ফিরে আসেন। তার অনুপস্থিতির সুযোগে অভিযুক্তরা কোম্পানির গুরুত্বপূর্ণ কাগজপত্র জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দাখিল করেন। পরবর্তীতে গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটি নিজেদের নামে হস্তান্তর করে নেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও নিজেদের নামে পরিবর্তন করে সেখানে জমা থাকা অর্থ উত্তোলন করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। মিশকাতুল আলা অভিযোগ করেন, এ ঘটনায় তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাশাপাশি সৌদি আরবে দীর্ঘদিনের অর্জিত ব্যবসায়িক ও সামাজিক সুনাম ক্ষুণ্ন হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশে অবস্থানকালে তাকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। কয়েকদিন আগে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার বাসায় গিয়ে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৯৩৮। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বাংলাদেশে সৌদি দূতাবাস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে নিজের শ্রম ও অর্থে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংক হিসাবে জমা থাকা অর্থ ফেরত পেতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution