প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিতের আহ্বান
ঢাকা: দেশের প্রতিবন্ধী শিশুদের, বিশেষ করে তৃণমূল পর্যায়ে বসবাসকারী শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অধিকারকর্মীরা।
তারা বলেছেন, প্রতিবন্ধী শিশুদের একটি উল্লেখযোগ্য অংশ এখনো আনুষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে। বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় জরিপ-২০২১-এর তথ্য উল্লেখ করে তারা জানান, ৫ থেকে ১৭ বছর বয়সী প্রতিবন্ধী শিশুদের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ৬৫ শতাংশ এবং মাধ্যমিক বিদ্যালয়ে ৩৫ শতাংশ। তাদের দাবি, সামগ্রিকভাবে প্রায় ৬০ শতাংশ প্রতিবন্ধী শিশু শিক্ষার বাইরে রয়েছে।
সম্প্রতি রাজধানীর আদাবর থানার রিং রোডের হোয়াইট প্যালেস কনভেনশন হলে ‘Witness Meeting of Communities: Grassroots Convention of Beneficiary Groups’ শীর্ষক এক সভায় এসব কথা বলা হয়।
ম্যানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় ভিজ্যুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি (VIPS) এ সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুরা বিদ্যালয়ে ভর্তি, নিয়মিত উপস্থিতি, পাঠদানে অংশগ্রহণ এবং শিক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়। বিদ্যালয়ের অবকাঠামো ও প্রবেশগম্যতার সীমাবদ্ধতা, প্রশিক্ষিত শিক্ষকের ঘাটতি, উপযুক্ত শিক্ষা উপকরণ ও সহায়ক প্রযুক্তির অভাব, দারিদ্র্য, যাতায়াত সমস্যা এবং সামাজিক দৃষ্টিভঙ্গি তাদের শিক্ষাজীবনে প্রভাব ফেলছে।
ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (BERDO)-এর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক বলেন, প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুধু বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়। বিদ্যালয়ের প্রবেশগম্যতা, শিক্ষকদের প্রশিক্ষণ, উপযুক্ত শিক্ষা উপকরণ, যাতায়াত ব্যবস্থা এবং ব্যক্তিভিত্তিক সহায়তার বিষয়গুলোও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে প্রবেশগম্য বিদ্যালয় অবকাঠামো, প্রশিক্ষিত শিক্ষক, উপযুক্ত শিক্ষা উপকরণ ও সহায়ক প্রযুক্তির ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি সুবিধাবঞ্চিত পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং প্রতিবন্ধী শিশুদের প্রতি বৈষম্য কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল ইসলাম প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে VIPS-এর সভাপতি অ্যাডভোকেট মুশেররফ হোসাইন মজুমদার প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান।
VIPS-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ. আমিন সকল মানুষের অধিকার নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে ব্যাপক সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তার কথা বলেন।
সভায় আরও বক্তব্য দেন VIPS-এর সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান অমিত, ঢাকার সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, ম্যানুষের জন্য ফাউন্ডেশনের মনিটরিং ও ইভ্যালুয়েশন ম্যানেজার তাসলিমা আক্তার, আদাবর থানার অফিসার ইনচার্জ জাহেদুল ইসলাম এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে তাদের ভবিষ্যৎ শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নিজস্ব প্রতিনিধি
ATV News