স্টাফ রিপোর্টার, ঢাকা | ২৩ জুন, ২০২৬
ধানমন্ডি- ৩২ এ সাংবাদিকের উপর জামাত কর্মীদের হামলা
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিক্ষোভ সমাবেশ শেষে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি জোন)-এর মিছিল ও সমাবেশ শেষে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
হামলায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হয়েছেন। এছাড়াও তাকে বাঁচাতে গিয়ে দি নিউজ-এর মারুফ হোসেন, যমুনা টেলিভিশনের রাব্বি সিদ্দিকী, কালবেলার আবদুর রহমান ঈশানসহ আরও বেশ কয়েকজন সংবাদকর্মী লাঞ্ছিত ও আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সাংবাদিকদের সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কলাবাগান এলাকা থেকে জামায়াতের একটি মিছিল বের হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ চলাকালে সাংবাদিকরা বক্তব্য কিছুটা সংক্ষিপ্ত করার অনুরোধ জানান। এতে জামায়াতের কয়েকজন নেতাকর্মী ক্ষিপ্ত হন এবং একপর্যায়ে হাজারীবাগ থানার আমিরের সাথে সাংবাদিকদের কথা-কাটাকাটি হয়।
সাংবাদিক মাহফুজুর রহমান শিশির জানান:
”বক্তব্য দীর্ঘ হওয়া প্রসঙ্গে কথা বললে এক জামায়াত নেতা আমাদের বলেন, ‘আমরা সবাই বক্তব্য দেব, আপনারা থাকলে থাকেন, না থাকলে নাই।’ আমি এর প্রতিবাদ করে বলি—আমরা তো সাংবাদিক, আপনাদের কর্মী নই। এই কথা বলার সাথে সাথেই কয়েকজন এসে আমার আইডি কার্ড দেখতে চায়। পকেট থেকে কার্ড বের করার আগেই তারা আমাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে এলোপাতাড়ি মারধর ও লাথি শুরু করে।”
পরবর্তীতে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।
ঘটনার পর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট আহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি এই ঘটনাকে “অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক” হিসেবে অভিহিত করে বলেন, দলের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন আহত সাংবাদিক শিশিরকে দেখতে যান এবং একে “ভুল-বোঝাবুঝি” বলে উল্লেখ করেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে বহিরাগত কেউ উসকানি দিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সাংবাদিকদের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (জেসিসিব)। সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এক যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিকদের ওপর হামলা একটি মুক্ত ও গণতান্ত্রিক সমাজের পরিপন্থী। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি তারা শুনেছেন তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।