নতুন ওয়েজ বোর্ড গঠন ও মহার্ঘ্য ভাতার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি, newsatvbd.com:
সাংবাদিকদের জন্য নতুন ওয়েজ বোর্ড গঠন ও অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণার দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাদের গনি চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সভাপতি শহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ওমর সালেহিন নোমানী, বর্তমান সভাপতি আবু সালেহ আকন, ডিইউজের সহসভাপতি রফিক মোহাম্মদ ও রাশেদুল হকসহ সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিইউজের যুগ্ম সম্পাদক দিদারুল আলম।
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সাংবাদিকদের ওপর আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে দ্রুত নতুন ওয়েজ বোর্ড গঠন করা প্রয়োজন।
তারা বলেন, নতুন ওয়েজ বোর্ড কার্যকর না হওয়া পর্যন্ত সাংবাদিকদের জন্য অন্তর্বর্তীকালীন মহার্ঘ্য ভাতা ঘোষণা করা জরুরি। সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।