নিজস্ব প্রতিনিধি, newsatvbd.com:
নৌ-পথে বিআইডব্লিউটিএ’র টোল ট্যাক্স ও মুড়িং চার্জ আদায়ের নামে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও কথিত ইজারাদারদের দৌরাত্ম্য, অতিরিক্ত অর্থ আদায় এবং নৌ-শ্রমিকদের ওপর হয়রানি ও মিথ্যা মামলা বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শ্রমিক নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নৌ-পথে চলন্ত নৌযান থেকে মনগড়া ও অতিরিক্ত টোল আদায় অবিলম্বে বন্ধ করতে হবে। একই দিনে ২/৩ স্থানে টাকা আদায় করে সাধারণ শ্রমিকদের পকেট কাটা হচ্ছে। বিশেষ করে গোয়াইনঘাট, সিলেট, ছাতক ও সুনামগঞ্জ এলাকায় প্রশাসনের নামে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা ট্যাক্সের নামে বেপরোয়া চাঁদাবাজি চলছে। ঢাকা, নারায়ণগঞ্জ, ভোলা, বরিশাল, সিরাজগঞ্জ, যমুনা ও পদ্মা-মেঘনা নদীসহ দেশের বিভিন্ন নৌ-পথে মার্কা ও তৃতীয় লিঙ্গের হিজলাদের দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
বক্তারা আরও অভিযোগ করেন, কথিত পাইলট নামধারী একশ্রেণীর চাঁদাবাজ নৌ-শ্রমিকদের জিম্মি করে রেখেছে। এছাড়া নৌ-প্রশাসনের পক্ষ থেকে মিথ্যা মামলা, নৌযানের সনদপত্র দেখার নামে চরম হয়রানি এবং মাসোহারা বাণিজ্য বন্ধ করার জন্য তারা জোর দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত নৌ-শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এই দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ টোল আদায় এবং শ্রমিক হয়রানি বন্ধ করা না হয়, তবে আগামীতে নৌ-যান শ্রমিকরা কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের নৌ-শ্রমিকেরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন।