Atv news প্রতিনিধি, ঢাকা।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-র প্রাক্তন সভাপতি মরহুম আবদুস শহিদের স্মরণে আজ এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটিতে সাংবাদিক সমাজের বিশিষ্ট নেতৃবৃন্দ এবং প্রয়াতের গুণগ্রাহীরা অংশ নেন।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি এবং ডিইউজে-র প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি একে এম মহসিন। তিনি তার বক্তৃতায় আবদুস শহিদের সাংবাদিকতা এবং সংগঠনের প্রতি অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার তার আদর্শকে অনুকরণ করার আহ্বান জানান।
আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক খুরশিদ আলম। তিনি প্রয়াতের রুহের মাগফিরাত কামনা করে আলোচনা পর্ব পরিচালনা করেন।
স্মরণ সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-র মহাসচিব কাদের গনি চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আবদুস শহিদের দীর্ঘ সাংবাদিকতা জীবনের সংগ্রাম ও সংগঠনের ক্রান্তিকালে তার সাহসিকতাপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। বিএফইউজে মহাসচিব বলেন, “শহিদ ভাইয়ের মতো ত্যাগী ও আদর্শবান নেতার অভাব দীর্ঘকাল অনুভব করবে সাংবাদিক সমাজ।”
এছাড়াও অনুষ্ঠানে ডিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক মো: বাকের হোসাইন, যুগ্ম সম্পাদক দিদারুল আলমসহ বিএফইউজে এবং ডিইউজে-র অন্যান্য নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিকগণ এবং বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত থেকে তাদের প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানান এবং তার স্মৃতি চারণ করেন।
আলোচনা পর্বের শেষে মরহুম আবদুস শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের সাংবাদিক সমাজের কল্যাণ, ঐক্য এবং প্রয়াতের পরিবারের সদস্যদের জন্য ধৈর্য কামনায় দোয়া করা হয়।