বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View
  • ওয়েজবোর্ড বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
    নিজস্ব প্রতিনিধি, newsatvbd.com
    সাংবাদিকদের স্বার্থে ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। প্রয়োজনে বিষয়টি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
    রোববার (৪ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী।
    সভায় দশম ওয়েজবোর্ড বাস্তবায়ন, নবম ওয়েজবোর্ডের বাস্তবায়ন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও কল্যাণ, সাংবাদিকের সংজ্ঞা নির্ধারণ, সাইবার নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
    তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকরা জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা না হলে পেশাটিতে দক্ষ ও যোগ্য জনবল ধরে রাখা কঠিন হবে।
    ওয়েজবোর্ড প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে দীর্ঘদিন ধরে অচলাবস্থা রয়েছে। নবম ওয়েজবোর্ড যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। দশম ওয়েজবোর্ডের পাশাপাশি নবম ওয়েজবোর্ড বাস্তবায়নের বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করছে এবং এ উদ্যোগ আরও জোরদার করা হবে।
    গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদেরও সাংবাদিকদের অধিকার ও কল্যাণের বিষয়ে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকার কোনো সিদ্ধান্ত নিলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন না করলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব নয়।
    সভায় সাংবাদিকের সংজ্ঞা নির্ধারণের প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে। পেশাদার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তিদের বিষয়ে একটি সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন বলে আলোচনা হয়। এ বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তথ্য প্রতিমন্ত্রী।
    সাইবার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ বা সাংবাদিকদের লেখালেখি বন্ধ করা সরকারের উদ্দেশ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে হয়রানি, অসত্য তথ্য ও অপতথ্য ছড়িয়ে ক্ষতির ঘটনা মোকাবিলায় সাইবার নিরাপত্তা প্রয়োজন।
    কোনো সংবাদমাধ্যম বা সাংবাদিকের প্রকাশিত সংবাদ ভুলবশত আইনের ব্যত্যয় ঘটালে আইনি ব্যবস্থা নেওয়ার আগে আদালতের অনুমতি নেওয়ার বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে, সেটিও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি।
    গণমাধ্যমের স্বাধীনতা ও বাকস্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, গণমাধ্যম কীভাবে চলবে সে বিষয়ে সরকার হস্তক্ষেপ করতে চায় না। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
    মতবিনিময় সভায় ডিইউজে সভাপতি মো. শহীদুল ইসলাম ওয়েজবোর্ড বাস্তবায়নে সরকারের উদ্যোগ কামনা করেন। সাধারণ সম্পাদক খুরশীদ আলম সাংবাদিক পরিচয় ব্যবহারকারী ভুয়া সাংবাদিকদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
    ডিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানান। একই সঙ্গে ওয়েজবোর্ড বাস্তবায়ন না করা গণমাধ্যম প্রতিষ্ঠানের বিষয়ে সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্র প্রদানের ক্ষেত্রে সরকারের কঠোর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
    সভায় ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ, কল্যাণ সম্পাদক সালাহউদ্দিন রাজ্জাক, প্রচার সম্পাদক আবুল কালাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রফিক লিটন, নির্বাহী সদস্য মোহাম্মদ গাজী আনোয়ার, তালুকদার এ এইচ এম নুরুল মোমেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
    এছাড়া ডিইউজের সিনিয়র সহসভাপতি রফিক মোহাম্মদ, নির্বাহী সদস্য এম. মোশাররফ হোসাইন, আবদুল্লাহ মজুমদার ও ফখরুল ইসলামসহ অন্যরা সভায় উপস্থিত ছিলেন।
    সভায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিতকরণ, ওয়েজবোর্ড বাস্তবায়ন, সাংবাদিকের সংজ্ঞা, সাইবার নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LiveTV
Powered By WP Solution